বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় দিনাজপুরে আনসার-ভিডিপির তালবীজ রোপণ।

প্রকাশ : 17 Sep 2026
বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় দিনাজপুরে আনসার-ভিডিপির তালবীজ রোপণ।

মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি সদরের বিভিন্ন ইউনিয়নের রাস্তার পাশে ও খোলা স্থানে এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. হারুন অর রশিদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ বীজ রোপণ কার্যক্রমে অংশ নেন।

নেতৃত্ব দানকারী কর্মকর্তা জানান, প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বেড়ে যাওয়া বজ্রপাতের মতো প্রাণঘাতী ঝুঁকি মোকাবিলায় তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এ ছাড়া পরিবেশের সবুজায়ন, বিলুপ্তির হাত থেকে তালগাছ রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টি চাহিদা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


এ প্রসঙ্গে দিনাজপুর আনসার-ভিডিপি কার্যালয়ের প্রধান জেলা কমান্ড্যান্ট জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলাতেও এ ধরনের জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

;