জনগণের ওপর ক্ষমতা দেখানো দলের শত্রু": তথ্যমন্ত্রী

প্রকাশ : 28 Jul 2026
জনগণের ওপর ক্ষমতা দেখানো দলের শত্রু": তথ্যমন্ত্রী

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের ওপর যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা সরকারের শত্রু, দলের শত্রু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার শত্রু।


মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষকদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, "মাটির ওপর দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ। আমাদের দেশের এত ক্ষমতার মালিক শেখ হাসিনারও শেষপর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তরুণ ছাত্রদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিল। সেই তেলাপোকাদের কারণেই শেষ পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে হয়েছে, তাদের দাবি মানতে বাধ্য হয়েছে।"


তিনি আরও বলেন, "যখন-তখন জনগণকে ছোট করা, তেলাপোকা-ছাড়পোকা মনে করা - এই ঔদ্ধত্য যারা দেখায় তারা দলের শত্রু, জনগণের শত্রু। আমি অতীতেও সাবধান করেছি, বর্তমানেও সাবধান করছি।"


মন্ত্রী বলেন, ধানের শীষের হাতে এবং শহীদ জিয়া পরিবারের হাতে ক্ষমতা এলে সর্বোচ্চ মহলে ক্ষমতার অপপ্রয়োগ হয় না। তবে নিচের পর্যায়ে কেউ ভুল করলে তার দায় দলের ঘাড়ে যায়। তাই বিভ্রান্তিকর নেতাকর্মীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।


"আমাদের দল বড় পরিবার। ধান চাষের সময়েও কিছু সদস্য থাকে না, কাটার সময়েও থাকে না। কিন্তু ফুটবল খেলে। এ ধরনের দায়িত্বহীনদের চিনে রাখতে হবে। ভালো ব্যবহার করতে হবে, কিন্তু দূরবীনের মতো চোখ রাখতে হবে। অপরাধ করলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয়ে কেউ রক্ষা পাবে না," বলেন তিনি।


উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ দলীয় নেতৃবৃন্দ।


*একইদিন ৩টি কর্মসূচিতে অংশগ্রহণ*


একইদিন তথ্যমন্ত্রী গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে অংশ নেন।


সকাল ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।" 


পরে তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। মেলা ৩০ জুলাই পর্যন্ত চলবে।


দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি-২০২৬ এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ এবং ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন।


এসময় মন্ত্রী বলেন, "সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়তে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণ জরুরি। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে।" 


অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;