২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

প্রকাশ : 07 Sep 2026
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে। এবারের মেলায় ২০টিরও বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজনরা অংশ নেবেন।


তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করছে পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ ৭ সেপ্টেম্বর সোমবার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনে মেলার রূপরেখা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।


আয়োজকরা জানান, এবারের মেলায় ২০০টিরও বেশি বুথ ও স্টল, ২২০ জনের বেশি এক্সিবিটর, ২৫০ জনের বেশি কোয়ালিফাইড বায়ার, আড়াই হাজারের বেশি ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারের বেশি দর্শনার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। চারটি থিমভিত্তিক হলে দুই শতাধিক এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে।


মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই। প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, পিআর পার্টনার হিসেবে ওপাস কমিউনিকেশনস, টেকনোলজি পার্টনার হিসেবে এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে থাকছে কনভয় সার্ভিস।


মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইন ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকে অংশীজনরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকদের মতে, ১৩ বারেরও বেশি সফল আয়োজনের মাধ্যমে বিটিটিএফ এখন দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় পর্যটন বাজারে পরিণত হয়েছে, যা দেশের পর্যটন খাতের প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর

;