রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশ : 24 Jul 2026
রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।


আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বঙ্গভবন সূত্র বিকেলে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। এর আগে দুপুরে বঙ্গভবন থেকে জানানো হয়েছিল, রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং স্পিকার সময় দিলে পদত্যাগপত্র জমা দেওয়া হবে।


রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আজ বিকেল ৫টায় সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ওই সংবাদ সম্মেলন থেকে রাষ্ট্রপতির পদত্যাগ ও স্পিকারের দায়িত্ব গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।


উল্লেখ্য, আজ দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যক্তিগত ও চিকিৎসা সংক্রান্ত সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ১৯ জুলাই তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি দেশে ফেরেন।


সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।


সম্পর্কিত খবর

;