জামালপুরে মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলন

প্রকাশ : 14 Sep 2026
জামালপুরে মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।


সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম ওরফে বদর আলী, মুকুল হোসেন, সোহেল রানা ও আলম মিয়া।


লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, হেমরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের জিকু, আলাউদ্দিন, মোশারফ, শফি, খোকন, জগলু ও কুদ্দুসসহ কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রতিপক্ষ বিভিন্ন সময় হয়রানিমূলক মামলা দিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করেছে। আগে ২০ হাজার ও ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছে। সম্প্রতি আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি বাদী হয়ে মাদারগঞ্জ সিআর আমলি আদালতে মামলা করেন। আদালত মামলাটি নিরপেক্ষ তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।


তিনি অভিযোগ করেন, পিবিআই তদন্তের বিষয়টি জানার পর প্রতিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে একটি পুরোনো ও পরিত্যক্ত মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা সাজায়। যাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তারা ঘটনার সময় ঘটনাস্থলেই ছিলেন না। কেউ ঢাকায়, কেউ ট্রেনে এবং কেউ জামালপুর শহরে ছিলেন। তিনি হামলা, চাঁদা দাবি ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুকুল হোসেন বলেন, “আমরা প্রশাসন ও তদন্ত সংস্থার কাছে অনুরোধ করছি, কল রেকর্ড, মোবাইলের লোকেশন, সিসিটিভি ফুটেজ, ট্রেন বা বাসের টিকিট এবং অন্যান্য ডিজিটাল ও প্রত্যক্ষ প্রমাণ যাচাই করে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়া হোক। আমরা বর্তমানে এলাকায় ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”


ভুক্তভোগীরা আরও বলেন, জমি নিয়ে বিরোধের প্রকৃত মালিকানা ও দখলের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে নির্দোষদের হয়রানি বন্ধ করা হোক। “আমরা ভুক্তভোগীরা বিচার চাই, প্রতিশোধ চাই না। সুষ্ঠু তদন্ত চাই, সাজানো মামলা চাই না, ষড়যন্ত্রের শিকার হতে চাই না।”

সম্পর্কিত খবর

;