স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী, তিনি ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করবেন। একই সঙ্গে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনের জন্য আনা অর্থ বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি প্রার্থনা ও বিলটি উপস্থাপন করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর নতুন সরকার গঠনের চার মাসের মাথায় এই বাজেট পেশ করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের চেয়ে প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার প্রাক্কলন করা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। আয় ও ব্যয়ের কাঠামোতে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা, ব্যাংক-বহির্ভূত খাত থেকে ১৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এবারের বাজেটে অবকাঠামোর চেয়ে মানবসম্পদ উন্নয়নে জোর দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে প্রায় ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা করার প্রস্তাব রয়েছে। নতুন কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি উল্লেখযোগ্য।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সুপারিশকৃত নতুন মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ৭০ হাজার কোটি টাকা বেশি।
বাজেটে ব্যবসা সহজীকরণে ‘বাংলাবিজ’ নামে সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস চালু, কর রিটার্ন অনলাইনে দাখিল, সরাসরি ব্যাংক হিসাবে কর ফেরত এবং কর-বিরোধ দ্রুত নিষ্পত্তির প্রস্তাব থাকছে। উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইনশাআল্লাহ, এই বাজেট ১১ জুন বিকেল ৩টায় উপস্থাপন করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে।’ তিনি জানান, আওয়ামী লীগের ১৫ বছর ও অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছর শেষে বিএনপি যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তা ঠিক করার প্রতিফলন থাকবে বাজেটে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’তে পরিণত করা।
স্টাফ রিপোর্টার: এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সামনে যে বহুমাত্রিক অর্থনৈতিক ও রপ্তানি চ্যালেঞ্জ তৈরি হবে, তা মোকাবিলায় অর্থনীতিকে কার্যকর রাজনৈতিক কাঠামো ও কর্মপরিকল্পনার সঙ্গে যুক্ত করার কোনো বিকল্ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪২০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম আজ সোমবার, ৬ ...
স্টাফ রিপোর্টার: বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষ ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণ ও রৌপ্যের পিগল গোল্ড ও সিলভারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। আজ ৩ জুলাই, ২০২৬ শুক্রবার সকা ...
সব মন্তব্য
No Comments