ডেস্ক রিপোর্ট: আজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেন বাংলা সাহিত্যের এই প্রাণপুরুষ। তাঁর হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্ব দরবারে নতুন মর্যাদা পায়। কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক ও শিক্ষাবিদ—সব পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন বাঙালির আত্মার প্রতিচ্ছবি।
১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসাহিত্যে বাংলা ভাষাকে প্রথমবারের মতো তুলে ধরেন রবীন্দ্রনাথ। তিনিই এশিয়ার প্রথম নোবেলজয়ী। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ এবং ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ তাঁরই রচনা। দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতা বিশ্বে আর কেউ নেই।
রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বিশাল ও বহুমাত্রিক। গীতবিতানে স্থান পেয়েছে দুই হাজারের বেশি গান। তাঁর লেখা উপন্যাসের মধ্যে ‘গোরা’, ‘ঘরে বাইরে’, ‘চোখের বালি’, ‘যোগাযোগ’ পাঠকপ্রিয়। ‘ডাকঘর’, ‘রক্তকরবী’, ‘বিসর্জন’সহ বহু নাটক আজও মঞ্চে প্রাণ পায়। ‘সোনার তরী’, ‘বলাকা’, ‘পূরবী’, ‘মানসী’ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। শিক্ষা ও পল্লী উন্নয়নে তাঁর চিন্তা বাস্তব রূপ পায় শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
বাংলাদেশের সঙ্গেও রবীন্দ্রনাথের নিবিড় যোগ। জমিদারি দেখাশোনার সূত্রে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরে। এসব অঞ্চলের প্রকৃতি, মানুষ ও জীবনধারা তাঁর অনেক কবিতা, গান ও ছোটগল্পে উঠে এসেছে। ‘ছিন্নপত্র’ এর বড় অংশ লেখা হয়েছে পদ্মাবক্ষে নৌকায় বসে।
দিবসটি উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন রাখা হয়েছে। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে। শিলাইদহ কুঠিবাড়ি, শাহজাদপুর কাছারিবাড়ি ও পতিসরে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী রবীন্দ্রমেলা শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের ৭ আগস্ট, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তাঁর গান, কবিতা ও দর্শন আজও বাঙালির মননে বেঁচে আছে। জন্মবার্ষিকীতে দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে কবিগুরুকে।
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা ...
সব মন্তব্য
No Comments