বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

প্রকাশ : 13 Nov 2026
বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার: বাংলা সাহিত্যের বরপুত্র, নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ শুক্রবার। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, মা আয়েশা ফয়েজ।


বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন হুমায়ূন আহমেদ। পরে যুক্তরাষ্ট্র থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। তবে বিজ্ঞানের শিক্ষক হয়েও বাংলা সাহিত্যে তিনি হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন।


১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই পাঠকমহলে ব্যাপক পরিচিতি পান হুমায়ূন আহমেদ। এরপর একে একে সৃষ্টি করেন অসংখ্য উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র চরিত্রগুলো বাংলাদেশের তরুণ পাঠকদের গভীরভাবে উদ্বেলিত করেছে। সহজ ভাষা, সংলাপের জাদু আর জীবনঘনিষ্ঠ গল্প বলার স্বতন্ত্র ভঙ্গি তাঁকে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান এনে দেয়।


সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা অর্জন করেন। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন। টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেও তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।


২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী গাজীপুরের নিজ হাতে গড়ে তোলা প্রিয় আবাসস্থল নুহাশ পল্লীতেই তাঁকে সমাহিত করা হয়।


জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নুহাশ পল্লীতে ঘরোয়া আয়োজন করা হচ্ছে। পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে নিয়ে স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতে যান এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। তবে হুমায়ূনপুত্র নিনিত অসুস্থ থাকায় এবার বর্ণাঢ্য কিছু করার পরিকল্পনা নেই, সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে। জন্মদিন ঘিরে গত বৃহস্পতিবার থেকেই নুহাশ পল্লীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সমাধিস্থল, বৃষ্টি বিলাস ও দিঘি লীলাবতীর পুকুরপাড় ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়েছে।


এদিকে জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-এ থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে স্মরণ করে সংগীত পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পীরা। দুপুরে থাকছে ‘এবং সিনেমার গান’, যেখানে হুমায়ূন আহমেদ নির্মিত সিনেমার গানগুলো দিয়ে সাজানো হয়েছে পর্বটি। চ্যানেল আই প্রাঙ্গণে আজ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনব্যাপী বইমেলা। সেখানে ৩০ শতাংশ কমিশনে লেখকের বই কিনতে পারবেন পাঠকরা।


এছাড়া হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে বিশেষ শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। বিভিন্ন টিভি চ্যানেল ও মঞ্চেও থাকছে তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নাটকসহ নানা আয়োজন।


সম্পর্কিত খবর

;