ক্ষমতার আড়ালের ক্ষমতা: কিচেন কেবিনেট, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার অন্তঃস্রোত

প্রকাশ : 25 May 2026
ক্ষমতার আড়ালের ক্ষমতা: কিচেন কেবিনেট, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার অন্তঃস্রোত

মোঃ আব্দুর রহিম (কৌশিক)


রাষ্ট্র পরিচালনা কখনো কেবল দৃশ্যমান প্রতিষ্ঠান, সংবিধান কিংবা আনুষ্ঠানিক কাঠামোর ভেতর সীমাবদ্ধ থাকে না। ইতিহাস সাক্ষ্য দেয়- ক্ষমতার অলিন্দে এমন কিছু অদৃশ্য বলয় প্রায় সব সময়ই সক্রিয় থাকে, যারা রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। সংসদ, মন্ত্রিসভা, আমলাতন্ত্র কিংবা রাজনৈতিক দলের আনুষ্ঠানিক কাঠামোর বাইরে থেকেও কিছু ব্যক্তি রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে বড় ভূমিকা পালন করেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই অনানুষ্ঠানিক কিন্তু প্রভাবশালী বলয়কে বলা হয় “কিচেন কেবিনেট” (Kitchen Cabinet) অথবা “কিচেন গভর্মেন্ট” (Kitchen Government)।


আধুনিক রাজনীতিতে এই শব্দটি একদিকে যেমন সরকারপ্রধানের আস্থাভাজন ও বিশ্বস্ত উপদেষ্টামণ্ডলীর প্রতীক, অন্যদিকে এটি গণতন্ত্রের জন্য একটি সূক্ষ্ম বিতর্ক ও উদ্বেগেরও নাম। কারণ প্রশ্ন উঠতে পারে- রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত কি সাংবিধানিক কাঠামোর ভেতরে নেওয়া হচ্ছে, নাকি কোনো অদৃশ্য গোষ্ঠীর প্রভাবে পরিচালিত হচ্ছে?


কিচেন কেবিনেট মূলত এমন এক পরামর্শক গোষ্ঠী, যাদের সদস্যরা অধিকাংশ সময় সরকারের আনুষ্ঠানিক বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত না হলেও সরকারপ্রধানের কাছে অত্যন্ত বিশ্বস্ত ও প্রভাবশালী হিসেবে বিবেচিত হন। তারা হতে পারেন দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, ঘনিষ্ঠ বন্ধু, ব্যক্তিগত উপদেষ্টা, কোনো বিশেষজ্ঞ ব্যক্তি কিংবা পারিবারিকভাবে নিকটজন। এদের প্রধান শক্তি কোনো সাংবিধানিক ক্ষমতা নয়; বরং সরকারপ্রধানের ব্যক্তিগত আস্থা ও বিশ্বাস।


“কিচেন কেবিনেট” ধারণাটির উৎপত্তি উনিশ শতকের মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৮২৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট Andrew Jackson দায়িত্ব গ্রহণের পর তার আনুষ্ঠানিক মন্ত্রিসভার কার্যকারিতা অনেকাংশে কমে যায়। তিনি রাজনৈতিক সংকট, বিরোধী চাপ ও প্রশাসনিক মতপার্থক্য এড়াতে কিছু ব্যক্তিগত বিশ্বস্ত উপদেষ্টার ওপর নির্ভর করতে শুরু করেন। এই গোষ্ঠী ছিল মন্ত্রিসভার বাইরে, কিন্তু রাষ্ট্রপতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দল ব্যঙ্গার্থে এই অনানুষ্ঠানিক বলয়কে “Kitchen Cabinet” নামে আখ্যায়িত করে। কারণ বলা হতো, রাষ্ট্রপতির বাসভবনের অনানুষ্ঠানিক পরিবেশে- রান্নাঘরসংলগ্ন স্থানে কিংবা ব্যক্তিগত পরিসরে- এসব আলোচনা হতো।


সময়ের প্রবাহে “কিচেন কেবিনেট” আর কেবল একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক শব্দ হয়ে থাকেনি; এটি রাষ্ট্রবিজ্ঞান ও রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক ধারণায় পরিণত হয়েছে। বিংশ শতাব্দীতে Gabriel Almond রাজনৈতিক সংস্কৃতির আলোচনায় রাষ্ট্র পরিচালনার অনানুষ্ঠানিক শক্তিগুলোর প্রভাবকে গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করেন। তার মতে, রাষ্ট্র কেবল সংবিধান, প্রতিষ্ঠান কিংবা আইনের মাধ্যমে পরিচালিত হয় না; এর ভেতরে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি ও অপ্রাতিষ্ঠানিক প্রভাববলয়ও কাজ করে।


বাস্তবতা হলো, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সরকারপ্রধানের একটি “ইনার সার্কেল” বা অভ্যন্তরীণ বিশ্বস্ত বলয় গড়ে ওঠা প্রায় অনিবার্য। বিশেষত সংকটময় সময়, যুদ্ধ, অর্থনৈতিক দুরবস্থা, আন্তর্জাতিক চাপ কিংবা রাজনৈতিক অনিশ্চয়তার মুহূর্তে সরকারপ্রধান আনুষ্ঠানিক আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত ও অকপট পরামর্শের জন্য কিছু বিশ্বস্ত ব্যক্তির ওপর নির্ভর করতে পারেন। অনেক সময় মন্ত্রিসভা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গঠিত হওয়ায় সেখানে সবাই সমানভাবে আন্তরিক বা নির্ভরযোগ্য নাও হতে পারেন। ফলে সরকারপ্রধান এমন ব্যক্তিদের পাশে রাখতে চান, যারা নিঃসংকোচে বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন এবং ব্যক্তিগত আস্থার জায়গা থেকে পরামর্শ দেবেন।


এই দৃষ্টিকোণ থেকে দেখলে কিচেন কেবিনেটের কিছু ইতিবাচক দিকও রয়েছে। প্রথমত, এটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে। অনেক সময় রাষ্ট্রীয় জটিলতা এমন হয়, যেখানে আনুষ্ঠানিক কাঠামোর ধীরগতি সিদ্ধান্তকে বিলম্বিত করে। দ্বিতীয়ত, সরকারপ্রধান একটি অকপট মতামত পাওয়ার সুযোগ পান। কারণ আনুষ্ঠানিক কাঠামোয় অনেকেই রাজনৈতিক কূটনীতি বা ব্যক্তিগত স্বার্থে প্রকৃত মতামত গোপন করেন। তৃতীয়ত, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও সংবেদনশীল কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বিশ্বস্ত একটি ছোট বলয় কার্যকর ভূমিকা রাখতে পারে।


বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায়, বিভিন্ন দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে কিচেন কেবিনেটের অস্তিত্ব নতুন কিছু নয়। United States, United Kingdom, India কিংবা Pakistan- প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রেই সরকারপ্রধানের ঘনিষ্ঠ অনানুষ্ঠানিক উপদেষ্টা বলয়ের আলোচনা রয়েছে। বিশেষ করে 10 Downing Street কেন্দ্রিক ব্রিটিশ রাজনীতিতে বহুবার অভিযোগ উঠেছে যে, নির্বাচিত মন্ত্রীদের বাইরে প্রধানমন্ত্রীর কিছু ঘনিষ্ঠ ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছেন।


তবে কিচেন কেবিনেটের ইতিবাচক দিক যতটা আলোচিত, এর নেতিবাচক দিক নিয়ে বিতর্ক আরও গভীর। সবচেয়ে বড় প্রশ্ন হলো- জবাবদিহিতা কোথায়? গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা। একজন মন্ত্রী সংসদের কাছে জবাবদিহি করেন, একজন সরকারি কর্মকর্তা প্রশাসনিক কাঠামোর আওতায় থাকেন; কিন্তু অনানুষ্ঠানিক উপদেষ্টা বলয়ের সদস্যরা কার কাছে দায়বদ্ধ?


যদি রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের বাইরে নেওয়া হয়, তাহলে গণতন্ত্রের মৌলিক চেতিই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে মন্ত্রিসভার কার্যকারিতা কমে যায়, নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা দুর্বল হয় এবং একটি অদৃশ্য ক্ষমতাকেন্দ্র গড়ে ওঠে। তখন জনগণ বুঝতেই পারে না- রাষ্ট্র পরিচালনার প্রকৃত সিদ্ধান্ত কোথায় এবং কারা নিচ্ছেন।


কিচেন কেবিনেটের আরেকটি বড় ঝুঁকি হলো স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব। অনেক সময় সরকারপ্রধান ব্যক্তিগত সম্পর্কের কারণে এমন ব্যক্তিদের ওপর নির্ভর করেন, যাদের প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা বা নীতিগত নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তখন রাষ্ট্রীয় নীতিনির্ধারণ ব্যক্তি-স্বার্থ, গোষ্ঠীগত প্রভাব কিংবা ব্যক্তিগত আনুগত্যের শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়।


আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণে অনেক সময় কিচেন কেবিনেটের সঙ্গে “ডিপ স্টেট” ধারণার তুলনাও করা হয়। যদিও দুটি ধারণা পুরোপুরি এক নয়। “ডিপ স্টেট” সাধারণত রাষ্ট্রযন্ত্রের ভেতরে দীর্ঘস্থায়ী অদৃশ্য প্রভাববলয়কে বোঝায়, যারা নির্বাচিত সরকারের বাইরেও ক্ষমতার ধারাবাহিকতা নিয়ন্ত্রণ করে। অন্যদিকে কিচেন কেবিনেট মূলত সরকারপ্রধানের ব্যক্তিগত আস্থাভাজন উপদেষ্টাদের একটি বলয়। কিন্তু উভয় ক্ষেত্রেই একটি মিল রয়েছে- ক্ষমতার দৃশ্যমান কাঠামোর বাইরে একটি অদৃশ্য প্রভাবকেন্দ্র কাজ করে।


দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় এই বিষয়টি আরও সংবেদনশীল। এখানে প্রায়শই “ছায়া সরকার”, “অদৃশ্য শক্তি” কিংবা “অনানুষ্ঠানিক উপদেষ্টা চক্র” নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি, ব্যক্তি-কেন্দ্রিক নেতৃত্ব এবং ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ কিচেন কেবিনেটের প্রবণতাকে আরও শক্তিশালী করে তোলে। ফলে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে এবং ব্যক্তি-নির্ভর শাসনের সংস্কৃতি বিকশিত হয়।


Bangladesh-এর রাজনৈতিক বাস্তবতাও এই আলোচনার বাইরে নয়। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে, সাংবিধানিক কাঠামোর বাইরে কিছু ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় অস্বাভাবিক প্রভাব বিস্তার করছে। যদিও এসব অভিযোগের সত্যতা ও মাত্রা রাজনৈতিক অবস্থানভেদে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়, তবুও এ কথা অস্বীকার করার উপায় নেই যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনমনে সন্দেহ তৈরি হয়।


গণতন্ত্র কেবল ভোট কিংবা নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি অব্যাহত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, ক্ষমতার ভারসাম্য, নীতিনির্ধারণে অংশগ্রহণ এবং আইনের শাসন নিশ্চিত না হলে গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে অদৃশ্য শক্তির উত্থান অনিবার্য হয়ে পড়ে। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন, শক্তিশালী প্রতিষ্ঠান দুর্বল ব্যক্তিনির্ভর রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে; কিন্তু দুর্বল প্রতিষ্ঠান ব্যক্তিনির্ভর ক্ষমতার কাছে অসহায় হয়ে পড়ে।


গ্রিক দার্শনিক Aristotle গণতন্ত্রকে সীমাবদ্ধতাহীন হলে নিকৃষ্ট শাসন ব্যবস্থায় পরিণত হওয়ার ঝুঁকির কথা বলেছিলেন। তার মূল উদ্বেগ ছিল- যদি ন্যায়, নীতি ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হয়, তবে শাসনব্যবস্থা ব্যক্তি কিংবা গোষ্ঠীস্বার্থের হাতে বন্দী হয়ে যেতে পারে। আধুনিক গণতন্ত্র সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাংবিধানিক কাঠামো, জবাবদিহিতা ও ক্ষমতার পৃথকীকরণের ধারণা প্রতিষ্ঠা করেছে।


পরিশেষে বলা যায়, কিচেন কেবিনেট বা কিচেন গভর্মেন্ট সম্পূর্ণ নেতিবাচক কোনো ধারণা নয়; আবার এটিকে অন্ধভাবে ইতিবাচক বলাও সমীচীন নয়। রাষ্ট্রপ্রধানের জন্য একটি বিশ্বস্ত ও দক্ষ উপদেষ্টা বলয় থাকা বাস্তবতার অংশ। কিন্তু সেই বলয় যদি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলে, জবাবদিহিতাহীন ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে কিংবা নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা খর্ব করে, তবে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।


রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হওয়া উচিত সংবিধান, প্রতিষ্ঠান ও জনগণের ম্যান্ডেট- কোনো গোপন বা অদৃশ্য বলয় নয়। গণতন্ত্রের সুস্থ বিকাশের জন্য প্রয়োজন এমন এক রাজনৈতিক সংস্কৃতি, যেখানে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, আনুগত্যের চেয়ে নীতি শক্তিশালী এবং গোপন প্রভাবের চেয়ে জনস্বার্থ অগ্রগণ্য। কারণ রাষ্ট্রের স্থায়িত্ব ব্যক্তির ওপর নয়, প্রতিষ্ঠানের ওপর দাঁড়িয়ে থাকে; আর শক্তিশালী গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো- সেখানে দৃশ্যমান জবাবদিহিতা অদৃশ্য ক্ষমতার চেয়ে অধিক শক্তিশালী।


-লেখক: প্রভাষক (ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি)

বিসিএস সাধারণ শিক্ষা (৩৬ তম)

সরকারি ব্রজলাল কলেজ, খুলনা।

সম্পর্কিত খবর

;