বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

প্রকাশ : 20 May 2026
বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর রাষ্ট্রীয় চীন সফরের কয়েক দিনের মাথায় বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার, ১৯ মে রাতে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান। এটি পুতিনের ২৫তম চীন সফর। 


রুশ প্রেসিডেন্টের এই সফর ১৯ থেকে ২০ মে পর্যন্ত চলবে। সফরটি ২০০১ সালের ‘সিনো-রাশিয়ান ট্রিটি অব ফ্রেন্ডশিপ’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী এবং চীন-রাশিয়া কৌশলগত অংশীদারত্বের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে। 


বুধবার সকালে তিয়ানআনমেন স্কয়ারে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। দুই নেতা বর্তমান দ্বিপক্ষীয় বিষয়, কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে একটি যৌথ ঘোষণাপত্র এবং বেশ কয়েকটি আন্তঃসরকারি ও আন্তঃমন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। 


পুতিনের সঙ্গে রয়েছেন বিশাল প্রতিনিধিদল। এতে রয়েছেন রোসনেফটের সিইও ইগর সেচিন, গ্যাজপ্রমের সিইও আলেক্সি মিলার, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা, পাঁচজন উপ-প্রধানমন্ত্রী এবং আটজন মন্ত্রী। এছাড়া ভিইবি, রোসাটম ও রসকসমসের প্রধানরাও রয়েছেন। 


সফরে জ্বালানি সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। রাশিয়া চীনের মাধ্যমে ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ গ্যাস পাইপলাইন প্রকল্প চূড়ান্ত করতে চায়। মঙ্গোলিয়ার মধ্য দিয়ে বছরে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের এই প্রকল্প নিয়ে দুই দেশ বিস্তারিত আলোচনা করবে বলে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন। 


ভিডিও বার্তায় পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক ‘সত্যিই অভূতপূর্ব’ পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের বাণিজ্য ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং লেনদেনের প্রায় পুরোটাই রুবল ও ইউয়ানে হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে জোট করছি না, আমরা শান্তি ও সার্বজনীন সমৃদ্ধি চাই’। 


এর আগে ১৪-১৫ মে চীন সফর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রায় এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সফরে বাণিজ্য, কৃষি, বোয়িং উড়োজাহাজ ক্রয় এবং ইরান ইস্যুতে আলোচনা হলেও তাইওয়ান বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। 


বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের পরপরই পুতিনের বেইজিং যাত্রা ‘বিশ্বকে বার্তা দিচ্ছে যে চীন-রাশিয়া কৌশলগত অংশীদারত্ব দুই দেশের পররাষ্ট্রনীতির ভিত্তি এবং যুক্তরাষ্ট্র এই সম্পর্কে ফাটল ধরাতে পারবে না’। 


পুতিন ও শি জিনপিং রাশিয়া-চীন ইয়ার্স অব এডুকেশন ২০২৬-২০২৭ এর আনুষ্ঠানিক উদ্বোধনেও অংশ নেবেন। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট।

সম্পর্কিত খবর

;