Sako

শ্রীবরদীতে দুর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে ১২০ ফুট কাঠের সাঁকো নির্মাণ করলেন আরিফুর রহমান

প্রকাশ : 17 Oct 2026
শ্রীবরদীতে দুর্ভোগ নিরসনে  নিজ অর্থায়নে ১২০ ফুট কাঠের সাঁকো নির্মাণ করলেন আরিফুর রহমান

আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ট— এসবের অবসানে নিজ অর্থায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে ১২০ ফুট দীর্ঘ কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা আরিফুর রহমান। তাঁর এই উদ্যোগে স্বস্তি ও আনন্দের হাসি ফুটেছে এলাকার শত শত মানুষের মুখে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা তিনঘড়িপাড়া গ্রামে নির্মিত সাঁকোটির উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে যাতায়াতের নতুন পথ পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসী তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। তাদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।


স্থানীয় সূত্রে জানা যায়, গেরামারা তিনঘড়িপাড়া, ঘোনাপাড়া, বকচর, কন্টিপাড়া, খাসপাড়া, বড় গেরামারা, চৌরাস্তা, কামারদহ ও চিতলিয়াপাড়াসহ আশপাশের প্রায় ১০ গ্রামের সহস্রাধিক মানুষ দীর্ঘদিন ধরে এই পথ দিয়ে চলাচল করে আসছেন। কিন্তু ভাঙা খাল ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে তাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে খাল পারাপার ছিল অত্যন্ত কষ্টকর; আর শুকনা মৌসুমেও কাদামাখা পথে চলাচল করতে গিয়ে ভোগান্তির শেষ ছিল না।


এ পথে চলাচলকারী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এগিয়ে আসেন মাওলানা আরিফুর রহমান। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে ও অর্থায়নে তিনি নির্মাণ করে দেন ১২০ ফুট দীর্ঘ কাঠের সাঁকো। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণের পাশাপাশি যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।


সাঁকো নির্মাণের বিষয়ে হাফেজ মাওলানা আরিফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে গেরামারা তিনঘড়িপাড়াসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষ এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক কষ্ট ভোগ করছেন। শুকনা মৌসুমে কাদা আর বর্ষা মৌসুমে ভাঙা খাল তাদের চলাচলে বাধা হয়ে দাঁড়ায়। মানুষের এই কষ্ট দেখে নিজের সামর্থ্য অনুযায়ী সাঁকোটি নির্মাণ করে দিয়েছি। মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে পারলে সেটাই আমার কাছে বড় পাওয়া।


সাঁকো উদ্বোধন উপলক্ষে কাকিলাকুড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মাসুদুর রহমান কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাঁকোটির উদ্বোধন করেন চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ, সিনিয়র শিক্ষক শহীদ উল্লাহ, সাবেক সমবায় কর্মকর্তা আব্দুর রহিম, মুফতি মো. বজলুর রশিদ, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা ইয়াকুব আলী, সাবেক ব্যাংকার এরশাদুল ইসলাম, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবুল কালাম, হযরত মাওলানা ইসমাইল হোসেন জাফরী এবং বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


অনুষ্ঠানে কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। সাঁকো নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় তারা আনন্দ প্রকাশ করেন। ফুলের মালা পরিয়ে মাওলানা আরিফুর রহমানকে শুভেচ্ছা জানান গ্রামবাসী। এলাকাবাসীর কাছে সাঁকোটি এখন শুধু পারাপারের মাধ্যম নয়; এটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং কষ্টের দিনে পাশে দাঁড়ানোর একটি স্মারক হয়ে থাকবে।


সম্পর্কিত খবর

শিরোনাম:
;