১২ কোটির বেশি মানুষের জন্য বায়ুমান সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ভয়াবহ দাবানলের ঘন ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম, গ্রেট লেকস ও উত্তর-পূর্বাঞ্চলের আকাশ ঢেকে দিয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক, শিকাগো, ডেট্রয়েট, মিনিয়াপোলিস, বোস্টন, ওয়াশিংটন ডিসিসহ ১৮টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় বায়ুমান সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সব মিলিয়ে ১২ কোটি ৪০ লাখের বেশি মানুষকে সতর্কতার আওতায় আনা হয়েছে।
কানাডার ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৮৩০টির বেশি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে ১০০টির বেশি ‘নিয়ন্ত্রণের বাইরে’। সবচেয়ে বড় আগুনগুলো পশ্চিম অন্টারিওতে জ্বলছে। সেখান থেকেই উত্তর-পশ্চিমা বাতাসে ধোঁয়া যুক্তরাষ্ট্রে ঢুকছে।
বৃহস্পতিবার সকালে ডেট্রয়েট বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বরে উঠে আসে। আইকিউএয়ারের হিসাবে সেখানে বায়ু দূষণ সূচক ৬০০ ছাড়িয়ে যায়, যা যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার ‘বিপজ্জনক’ মাত্রার দ্বিগুণ। মিনিয়াপোলিস ও শিকাগো ছিল তালিকার দুই ও চার নম্বরে। নিউ ইয়র্ক সিটি একপর্যায়ে তৃতীয় সবচেয়ে দূষিত শহর হয়, পরে ১১ নম্বরে নেমে আসে। টরন্টো ছিল তৃতীয়।
নিউ ইয়র্কে আকাশ কমলা-হলুদ হয়ে যায় এবং বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। মেয়র জোহরান মামদানি নগরবাসীকে বাইরে কঠোর পরিশ্রমের কাজ কমাতে ও সংবেদনশীল ব্যক্তিদের ঘরে থাকতে বলেন। শহরজুড়ে কয়েকশ কুলিং সেন্টার খোলা হয় এবং বিনামূল্যে কেএন৯৫ মাস্ক বিতরণ শুরু হয়।
ডেট্রয়েট ও মিনিয়াপোলিসে ‘কোড পার্পল’ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুমান রেকর্ড করা হয়। শিকাগোতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫৯৭-এ পৌঁছায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, পিএম২.৫ নামে পরিচিত সূক্ষ্ম কণা ফুসফুস ও রক্তে ঢুকে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি ও সিওপিডির ঝুঁকি বাড়ায়।
ওহাইও, মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ায় পুরো রাজ্যজুড়ে সতর্কতা জারি হয়েছে। ওহাইও ইপিএ জানায়, সূক্ষ্ম কণার মাত্রা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। ক্যান্টন ও ক্লিভল্যান্ডে খেলার মাঠের কার্যক্রম বাতিল করা হয়, অ্যাক্রন চিড়িয়াখানা আগেভাগে বন্ধ করে দেওয়া হয়।
কানাডার টরন্টোতে এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স ১০+ অর্থাৎ ‘খুব উচ্চ ঝুঁকি’ পর্যায়ে পৌঁছায়। শহরটি বুধবার বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়। সেখানে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল ও ওয়ার্ল্ড কাপ ওয়াচ পার্টি বাতিল করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায় দাবানলের মৌসুম দীর্ঘ ও তীব্র হচ্ছে। ২০২৩ সালে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল মৌসুম দেখা গিয়েছিল। চলতি বছরও তাপপ্রবাহ ও খরার কারণে আগুন ছড়াচ্ছে। ৪৭ লাখ একরের বেশি এলাকা ইতিমধ্যে পুড়ে গেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তে একটি ঠান্ডা ফ্রন্ট আসার পর ধোঁয়া কমতে শুরু করবে। তবে তার আগে শুক্রবার পর্যন্ত ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও বোস্টনে ধোঁয়ার ঘনত্ব আরও বাড়তে পারে। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের আগে বৃষ্টির পূর্বাভাস থাকায় আয়োজকরা আশা করছেন, তখন বায়ুমান উন্নত হবে।
স্বাস্থ্য বিভাগ সবাইকে জানালা বন্ধ রাখতে, এয়ার পিউরিফায়ার চালাতে এবং বাইরে গেলে এন৯৫ মাস্ক পরতে পরামর্শ দিয়েছে। শিশু, বৃদ্ধ, গর্ভবতী ও শ্বাসকষ্টের রোগীদের ঘরে থাকতে বলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের অবৈধ নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি ...
সব মন্তব্য
No Comments