‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’ বলা ওসি ডিবি হেফাজতে

প্রকাশ : 18 Sep 2026
‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’ বলা ওসি ডিবি হেফাজতে

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পদ থেকে প্রত্যাহারের পর এবার গোয়েন্দা পুলিশ (ডিবি) নিজেদের হেফাজতে নিয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে ওসির পদ থেকে সরিয়ে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়। একইদিন রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।


ডিএমপির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ক্যান্টনমেন্ট থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে বৃহস্পতিবার পূর্বাহ্নে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (Closed) করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। 


কি ছিল ভাইরাল অডিওতে?


গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, এক ব্যক্তি বলছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ 


অডিওতে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায় —


‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’

‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।

পুলিশের পদায়নে ঘুষ লেনদেন নিয়েও মন্তব্য করতে শোনা যায়।

অডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। 


ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ


প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর রাতেই তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।


ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘রাকিবকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নিয়েছে। এর বেশি তথ্য এখনো আমার হাতে নেই। বিস্তারিত আরও পরে জানানো যাবে।’


এ বিষয়ে জানতে ডিবি প্রধান শফিকুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


এদিকে, ওসি রাকিবুলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে, ভাইরাল হওয়া অডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। তবে ডিএমপি এখন পর্যন্ত অডিওর সত্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তদন্তের স্বার্থে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

;