স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হয়েছে। মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানায়নি।
সংশ্লিষ্ট মহলের ধারণা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই কূটনীতিকের এ বৈঠক বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং সম্প্রতি তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন নিয়ে চলমান আলোচনার মধ্যে দুই কূটনীতিকের এ বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন টানাপোড়েনের মধ্যে দুই কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে তার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। আবেদনটি ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ঢাকায় অনুষ্ঠিত বৃহস্পতিবারের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কি না, তা স্বতন্ত্রভাবে নিশ্চিত করা যায়নি। কূটনৈতিক মহলে সাধারণত দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা, বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে এ ধরনের বৈঠক হয়ে থাকে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় আসেন। দায়িত্ব গ্রহণের পর থেকে দুই কূটনীতিকের মধ্যে বিভিন্ন সময়ে যোগাযোগ ও বৈঠক হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ফেরদৌস আহমেদ, আনতালিয়া (তুরস্ক) থেকে: ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ।বৃহস্ ...
স্টাফ রিপোর্টার: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যমের মান নিশ্চিত করতে পেশাদা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা কখনো দমন করব না, কিংবা কারো মর্যাদাহানির উদ্দেশ্যে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতে ...
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া : জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
সব মন্তব্য
No Comments