আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো মসজিদ ও স্কুল কমপ্লেক্সে বন্দুকধারীদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। পরে হামলাকারী দুই কিশোর নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে। স্থানীয় সময় সোমবার, ১৮ মে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও স্থানীয় পুলিশ।
মসজিদ কমপ্লেক্সের বাইরে গুলিতে ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন। নিহতদের মধ্যে একজন মসজিদের নিরাপত্তারক্ষী। সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, ওই নিরাপত্তারক্ষী “পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন”। ১৭ ও ১৯ বছর বয়সী দুই হামলাকারী ঘটনার পর কয়েক ব্লক দূরে একটি গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়। পুলিশের ধারণা, তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে। হামলার সময় মসজিদ কমপ্লেক্সের অংশ আল রাশিদ স্কুলে ক্লাস চলছিল। সব শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ শারীরিকভাবে আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
হামলার প্রায় ২ ঘণ্টা আগে, সকাল ৯টা ৪২ মিনিটে এক কিশোরের মা পুলিশকে ফোন করে জানান তার ছেলে নিখোঁজ। তিনি বলেন, ছেলে আত্মহত্যাপ্রবণ হতে পারে এবং তার ৩টি অস্ত্র ও গাড়ি নিখোঁজ। মা আরও জানান, ছেলে ক্যামোফ্লেজ পোশাক পরে ছিল এবং সঙ্গে তার এক বন্ধু ছিল। পুলিশ লাইসেন্স-প্লেট রিডার ব্যবহার করে গাড়িটি খুঁজছিল। মা একটি চিরকুটও পান, তবে এর বিষয়বস্তু প্রকাশ করেনি পুলিশ। সকাল ১১টা ৪৩ মিনিটে “অ্যাক্টিভ শুটার” এর প্রথম কল পায় পুলিশ। ৪ মিনিটের মধ্যে ৫০-১০০ জন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান।
ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো সান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ। কমপ্লেক্সে মসজিদ ছাড়াও আল রাশিদ স্কুল রয়েছে, যেখানে আরবি ভাষা, ইসলামিক স্টাডিজ ও কুরআন শিক্ষা দেওয়া হয়। মসজিদটি ডাউনটাউন সান ডিয়েগো থেকে প্রায় ৯ মাইল উত্তরে ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত।
পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, এফবিআইকে তদন্তে ডাকা হয়েছে এবং ঘটনাটিকে “হেট ক্রাইম” হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য এখনও জানায়নি কর্তৃপক্ষ। হামলার সময় কাছেই একজন ল্যান্ডস্কেপারের ওপরও গুলি চালানো হয়, তবে তিনি আহত হননি। দুই ঘটনার সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইমাম তাহা হাসানে বলেন, “উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত জঘন্য। আমরা এর আগে কখনও এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি”। সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, “এই শহরে ঘৃণার কোনো স্থান নেই। আমাদের মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই, আপনাদের নিরাপদ রাখতে আমরা সবকিছু করব”। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) একে “ভয়াবহ সহিংসতা” বলে নিন্দা জানিয়েছে। হামলাটি ঘটেছে ঈদুল আজহা ও হজের এক সপ্তাহ আগে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে পাকিস্তান প্রায় ৮ হাজার সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং চীনের তৈরি HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তিনজন ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যে দীর্ঘ এক দশক পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ক্ষমতায় ফিরল। সোমবার, ১৮ মে সকালে তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী বুধবার, ২৭ মে ইদুল আজহা উদযাপিত হবে এবং মঙ্গলবার, ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয় ...
সব মন্তব্য
No Comments