আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

প্রকাশ : 05 Nov 2026
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।


বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। 


আদালত সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন একই আদালত। এর পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০ জন বডিগার্ড নিয়ে আদালত প্রাঙ্গণে হাজির হন তিনি। 


মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের ঢাকা বোট ক্লাবে গিয়ে পরীমনি ও তার সহযোগীদের সঙ্গে বাদীর বিরোধ হয় বলে এজাহারে অভিযোগ করা হয়। এই ঘটনায় সাভারের বোট ক্লাবের সাবেক সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। 


মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালের ১৮ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 


এদিকে জামিন শুনানির দিন আদালত চত্বরে পরীমনি ও তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটে।


সম্পর্কিত খবর

;