আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির বন্দরনগরীর কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানার শ্রমিক। দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। কারখানাটি ইজমির শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে একজনের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে।
স্থানীয় গভর্নর জানান, সোমবার দুপুরের দিকে এ বিস্ফোরণ ঘটে। একটি ক্রেনের সাহায্যে সেখানে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে। এতে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়। ইজমিরের গভর্নরের কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, গলিত ইস্পাত ঢালাইয়ের সময় ওভারহেড ক্রেন ভেঙে বৈদ্যুতিক আর্ক ফার্নেসের মধ্যে পড়ে যায়।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। তবে পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। দায়ীদের খুঁজে বের করার প্রতিশ্রুতিও দেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তুরস্কের জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।
স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই দেশটির জন্য একটি বড় সমস্যা।
আন্তর্জাতিক ডেস্ক: মাহরাম, অর্থাৎ পুরুষ সঙ্গী উপস্থিত না থাকলে অথবা নারী নার্স উপস্থিত না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে পুরুষ চিকিৎসকদের ওপর ‘অঘোষিত’ নির্দেশনা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) গাজার ...
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় সোমবার শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, প্রায় ২ ...
সব মন্তব্য
No Comments