হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা-মক্কা

প্রকাশ : 25 May 2026
হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা-মক্কা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ৮ জিলহজ থেকে লাখো হজযাত্রী মক্কা থেকে তাঁবুর নগরী মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রোববার রাত থেকেই আল্লাহর মেহমানরা এহরাম বেঁধে মিনায় সমবেত হতে থাকেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কা, মিনা ও মসজিদুল হারাম চত্বর।


মিনায় সোমবার ৮ জিলহজ ‘ইয়াওমুত তারউইয়াহ’ পালনের মাধ্যমে হজের ধারাবাহিক রোকন শুরু করেছেন হাজিরা। পবিত্র কাবা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত মিনায় নির্ধারিত তাঁবুতে অবস্থান করে ইবাদত-বন্দেগি করবেন তারা। মঙ্গলবার ৯ জিলহজ ভোরে হজযাত্রীরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে অবস্থান ও হজের খুতবা শোনার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর মুজদালিফায় রাতযাপন, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও তাওয়াফে জিয়ারতসহ ১২ জিলহজ পর্যন্ত ধারাবাহিক কার্যক্রম চলবে।


সৌদি সরকার জানিয়েছে, সুষ্ঠু ও নিরাপদভাবে হজ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯২৬ জন হজ পালন করবেন।


মক্কায় অবস্থানরত হজ এজেন্সির পরিচালকরা জানান, রোববার সন্ধ্যার পর থেকে বাসযোগে হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা দেন। মিনায় এক রাত অবস্থানের পর মঙ্গলবার আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারা। সেখানে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় এবং হজের খুতবা শোনার পর সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সূর্যাস্তের পর মুজদালিফার দিকে রওনা হয়ে সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন।


এদিকে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী। মক্কায় ১৫ জন ও মদিনায় ৯ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হজযাত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদুল হারামের চত্বরে হাজারো হজযাত্রী সাদা ইহরামের কাপড়ে তাওয়াফ করছেন এবং সমস্বরে তালবিয়া পাঠ করছেন। কাবা শরিফের গিলাফ ও মিনারগুলোর আলোকসজ্জা রাতের আকাশে ভিন্ন মাত্রা যোগ করেছে। হজের প্রতিটি ধাপ—ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাত, মুজদালিফা, মিনা ও বিদায়ী তাওয়াফ—নির্ধারিত সময়সূচি অনুযায়ী পালিত হচ্ছে। 

সম্পর্কিত খবর

;