কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল, বাদ গেল জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’

প্রকাশ : 06 Nov 2026
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল, বাদ গেল জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’

স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি জাহাজের বর্তমান নামের পরিবর্তে প্রস্তাবিত নতুন নাম অনুমোদনের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।


প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, প্রক্রিয়াটি শুরু হয় মন্ত্রণালয়ের নির্দেশ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করতে কোস্টগার্ডকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী কোস্টগার্ড নতুন নামের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। নতুন নাম অনুমোদনের বিষয়টি পরে চিঠি দিয়ে কোস্টগার্ডকে জানায় মন্ত্রণালয়। 


মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, কোস্টগার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস অদম্য বাংলা’। জাহাজটির পেন্যান্ট নম্বর পিসি-২০৮। এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) জাহাজের নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) জাহাজের নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।


পুরোনো নামগুলোর মধ্যে চারটি ছিল জাতীয় চার নেতার নামে। তাঁরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাঁরা মুজিবনগর সরকার পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। পরে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় তাঁদের হত্যা করা হয়, যা জেলহত্যা দিবস হিসেবে পরিচিত।


অন্যদিকে কোস্টগার্ড সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নাম রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে তাঁরা শহীদ হন। 


সম্পর্কিত খবর

;