পাইকারিতে ১৯.৮৫% ও গ্রাহক পর্যায়ে ১৬.৬৮%
স্টাফ রিপোর্টার: দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম। বুধবার ৩ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক প্রেস ব্রিফিংয়ে পাইকারি ও খুচরা দুই পর্যায়েই বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ দাম গত ১ জুন থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে কমিশন।
বিইআরসির আদেশে বলা হয়েছে, পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। আর খুচরা পর্যায়ে গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইইবি ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে নতুন মূল্যহার প্রকাশ করা হয়। কমিশন জানায়, বিভিন্ন ধাপের গ্রাহকদের মধ্যে সবচেয়ে কম ১৫ শতাংশ ও সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে এবার।
এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা এবং গ্রাহক পর্যায়ে ১ টাকা ২৯ পয়সা থেকে ১ টাকা ৬১ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। কারিগরি কমিটি বলেছিল, বর্তমান দামে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি ইউনিটে পিডিবির ঘাটতি হবে ৫ টাকা ৪৭ পয়সা এবং ঘাটতি মেটাতে হলে ৭৭ দশমিক ৭৮ শতাংশ দাম বাড়ানো প্রয়োজন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে পিডিবির সম্ভাব্য ঘাটতি প্রায় ৫৬ হাজার ৪৭৫ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নতুন মূল্যহার কার্যকর হওয়ায় প্রিপেইড গ্রাহকরা ১ জুন থেকেই এবং পোস্টপেইড গ্রাহকরা জুলাই মাসের বিলে বর্ধিত দামে বিল পরিশোধ করবেন। বিইআরসি বলছে, জ্বালানি খরচ ও ডলারের দাম বৃদ্ধি এবং ভর্তুকির চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উৎপাদন খরচসহ নিত্যপণ্যের বাজারেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments