সংঘাতের মধ্যেই ইরানে ভূমিকম্প

প্রকাশ : 19 Jul 2026
সংঘাতের মধ্যেই ইরানে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পাল্টা হামলার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ভোরে প্রদেশের সালান্দ এলাকায় প্রায় ১২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দক্ষিণ ইরান আরব ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত।


এদিকে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হওয়ার পর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ রয়েছেন। আহত চার সেনাকে হাসপাতালে নেওয়া হলেও পরে তারা দায়িত্বে ফিরে গেছেন। এ ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এই মৃত্যু ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা’।


মার্কিন হামলার জবাবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদ গুদাম এবং আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও আকাশ নজরদারি রাডারের ওপর বৃহৎ পরিসরে হামলা চালানো হয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে হামলায় একটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিনির্বাপণ ও তেল খাতের কয়েকজন কর্মী আহত হয়েছেন। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন নিশ্চিত করেছে, বারবার হামলায় একটি তেল স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এছাড়া একটি লবণাক্ত পানি শোধনাগারেও আঘাত লেগেছে এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে জড়ো হওয়া মার্কিন যুদ্ধবিমানের অবস্থান ও একটি গোয়েন্দা তথ্য কেন্দ্রেও তারা হামলা চালিয়েছে। এছাড়া জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ও তিনটি অন্য বিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার রাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ইরানের কেশম দ্বীপের কাছে একটি স্থানসহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো ও নৌ সম্পদকে লক্ষ্য করা হয়েছে। সেন্টকমের দাবি, হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি এবং আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোর ক্ষতি হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অবশ্য জানিয়েছে, মার্কিন হামলায় আহভাজ, বুশেহর, বন্দর আব্বাস ও কেশমসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে সেতু, বিদ্যুৎকেন্দ্র, যোগাযোগ টাওয়ার ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহভাজের বাঘাই বিশেষায়িত হাসপাতালের কাছে হামলার পর ২০০ জনের বেশি রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।


যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর জবাবে তাদের এই অভিযান। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, বেসামরিক নাবিকদের সুরক্ষা ও আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতেই ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা হচ্ছে। অন্যদিকে ইরানের আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “আন্তর্জাতিক কোনো সংস্থা মার্কিন বাহিনীর বর্বরতা থামাতে না পারায়, কোরআনের নির্দেশ অনুযায়ী যারা আক্রমণ করে, তাদের ওপর একইভাবে পাল্টা আক্রমণ ছাড়া আমাদের সামনে কোনো পথ নেই।” তারা যুক্তরাষ্ট্রের মিত্রদেরও হুঁশিয়ার করে বলেছে, ঘাঁটি রাখলে আরও হামলার আশঙ্কা রয়েছে।


টানা সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবের ঘটনায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জাতিসংঘ মহাসচিব বেসামরিক অবকাঠামোয় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। আঞ্চলিক দেশগুলো তাদের আকাশসীমায় নিরাপত্তা জোরদার করেছে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন কুয়েত, বাহরাইন ও কাতারের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে।


সম্পর্কিত খবর

;