বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরের ব্যয় বাবদ ১২ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি।
বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকা এবং ইউজিসির জন্য ৭৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটে ৬ হাজার ১০৯ কোটি ১০ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৩১টি প্রকল্পের অনুকূলে ৬ হাজার ৭৬ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন বাজেট রয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় আজ রবিবার এ বাজেট অনুমোদিত হয়।
সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের দায়িত্ব প্রাপ্ত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।
চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেটে ০৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা এবং গবেষণা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি ১৫ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
উচ্চ শিক্ষায় ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ২০২৩-২৪ অর্থ বছরে মূলবাজেটে ১৭৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ ২৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে গবেষণা খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২৪ অর্থবছরের মূলবাজেট (পরিচালন) বরাদ্দ ও ব্যয়ের ক্ষেত্রে ৫৫টি গাইডলাইন ও কৃচ্ছতাসাধনের একটি নির্দেশাবলী দেওয়া হয়।
বাজেট বরাদ্দ বিষয়ে প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিচালন ও উন্নয়নের জন্য ২০২৩-২০২৪ অর্থ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যয়ের ক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ কৃচ্ছতা সাধনের আহ্বান জানান। তিনি আরও বলেন, বাজেটে এ বছর গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তিনি গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ সদ্ব্যব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বাজেটে বরাদ্দ টাকা নির্দিষ্টখাতে ব্যবহার এবং আন্তঃখাতে বাজেট সমন্বয় না করাসহ বাজেটে বরাদ্দকৃত অর্থব্যবহারে পরিপত্রে উল্লেখিত গাইড লাইনসমূহ অনুসরণের আহবান জানান।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের ডিন অধ্যাপক সুফিয়া বেগম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া, সভায় পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ সামাজিক অবকাঠোমো) ও সিনিয়র সচিব মোসামাৎ নাসিমা বেগম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান উপস্থিত ছিলেন।
সভায় নবপ্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে গঠিত কমিটির সুপারিশ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অঙ্গীভূতস্কুল/ স্কুল ও কলেজ পরিচালনা নীতিমালা ২০২৩ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত গৃহীতহয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments