ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্র রাখার দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ : 20 Oct 2026
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্র রাখার দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া পতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।


মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


শিক্ষার্থীরা জানান, গত ২০ বছর ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে আইন বিভাগের পরীক্ষা দিয়ে আসছেন। এই ধারাবাহিকতা দেখেই অনেকে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে ভর্তি হয়েছেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে প্রথম বর্ষের পরীক্ষা কুমিল্লায় নেওয়ার সিদ্ধান্ত জানানো হলে ক্ষোভ দেখা দেয়।


শিক্ষার্থীদের অভিযোগ, কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে হলে যাতায়াত, থাকা-খাওয়াসহ চরম ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে চাকরিজীবী, সন্তানসম্ভবা এবং সন্তান নিয়ে পড়াশোনা করা নারী শিক্ষার্থীদের জন্য এত দূরে গিয়ে পরীক্ষা দেওয়া প্রায় অসম্ভব।


বিক্ষোভে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্র বহাল রেখে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে রেলপথ, ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।


কর্মসূচিতে সংহতি জানিয়ে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ বলেন, ২০ বছর ধরে শান্তিপূর্ণভাবে এখানে পরীক্ষা হয়ে আসছে। হঠাৎ কেন্দ্র পরিবর্তনে শিক্ষার্থীদের ওপর মানসিক ও আর্থিক চাপ বাড়বে। তিনি জানান, বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলবেন এবং চিঠি দিয়ে কর্তৃপক্ষকে জানানো হবে।


মানববন্ধন সঞ্চালনা করেন ছাত্র মো. রুকন উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীন, চন্দন দাশ, ইকরামুল হোসেন রকি, ইঞ্জিনিয়ার এনামুল হক, আমীর খসরু খাদেম প্রতীক, সাদ্দাম হোসেন, মাহমুদা, স্বর্ণালী আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা।


সম্পর্কিত খবর

;