৯ মাসে দেশে মব সহিংসতা কমেছে ৪১ শতাংশ, নিহত ৪০

প্রকাশ : 20 Oct 2026
৯ মাসে দেশে মব সহিংসতা কমেছে ৪১ শতাংশ, নিহত ৪০

স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম নয় মাসে দেশে মব সহিংসতার ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৬৩টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৪০ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন।


মঙ্গলবার ২০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল রুমের তৈরি তুলনামূলক বিবরণীতে এ তথ্য জানানো হয়।


বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে দেশে মব সহিংসতার ১০৭টি ঘটনা ঘটেছিল। তখন এসব ঘটনায় ৬৩ জন নিহত ও ৮২ জন আহত হয়েছিলেন। সেই হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় মব সহিংসতার ঘটনা কমেছে ৪৪টি, নিহতের সংখ্যা কমেছে ২৩ জন এবং আহতের সংখ্যা কমেছে ১৭ জন। শতকরা হিসাবে ঘটনা কমেছে প্রায় ৪১.১ শতাংশ।


মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মব সহিংসতার ৭টি ঘটনায় ২ জন নিহত ও ১২ জন আহত হন। গত বছরের সেপ্টেম্বরে ১৮টি ঘটনায় ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছিলেন। আগস্টে চলতি বছরে ১১টি ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত হন, গত বছর একই মাসে ১৬টি ঘটনায় ১৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছিলেন।


জুলাই মাসে চলতি বছর ৪টি ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হন, গত বছর জুলাইয়ে ১৩টি ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন। জুনে চলতি বছরে ৪টি ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হন, গত বছর জুনে ৭টি ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছিলেন।


মে মাসে দুই বছরেই ৮টি করে ঘটনা ঘটলেও চলতি বছরে ৭ জন নিহত ও ৮ জন আহত হন, গত বছর নিহত ছিলেন ৩ জন। এপ্রিলে চলতি বছরে ৭টি ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হন, গত বছর ১০টি ঘটনায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছিলেন। মার্চে চলতি বছরে ১০টি ঘটনায় ৩ জন নিহত ও ১১ জন আহত হন, গত বছর একই মাসে ২৯টি ঘটনায় ১২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছিলেন।


পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সার্বিকভাবে মব সহিংসতা কমলেও কিছু মাসে প্রাণহানি বেড়েছে। আইন নিজের হাতে তুলে না নিতে এবং সন্দেহজনক ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;