ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

প্রকাশ : 05 Nov 2026
ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। এই জয়ে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল জামাল ভূঁইয়ারা।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। দুই উইং ব্যবহার করে একের পর এক ক্রস থেকে আক্রমণ তৈরির চেষ্টা করে টমাস ডুলির শিষ্যরা। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই প্রথম সুযোগ আসে। ডান দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথ ঘোষের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন অধিনায়ক জামাল ভূঁইয়া, তবে সেটি আটকে যায় ভুটানের রক্ষণে।


১৮ মিনিটে আবারও সুযোগ পায় বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে দূরের পোস্টে হেড করেছিলেন বিশ্বনাথ, কিন্তু তার হেড চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ২৫ মিনিটে প্রায় ফাঁকা অবস্থায় বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ। তার শট পোস্টের বাইরে চলে যায়। ৩৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।


প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল বাংলাদেশের। বিরতিতে যাওয়ার সময় বল দখলে বাংলাদেশের পরিসংখ্যান ছিল ৬৪ শতাংশ, বিপরীতে ভুটানের ৩৬ শতাংশ। প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশ শট নেয় ১২টি, ভুটান ৪টি। তবে লক্ষ্যে শট দুই দলেরই ছিল ২টি করে। ভুটান প্রথমবার লক্ষ্যে শট নিতে সক্ষম হয় ৪০ মিনিটে, যা সহজেই তালুবন্দি করেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান।


দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন আনেন কোচ টমাস ডুলি। ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে নিয়ে ফাহামিদুল ইসলামকে মাঠে নামান তিনি। তবে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে ক্রসনির্ভর আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ভুটানের রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়।


অবশেষে ৬৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। জামাল ভূঁইয়া ও বিশ্বনাথকে তুলে নিয়ে মোহাম্মদ ইব্রাহিম এবং সোহেল রানা জুনিয়রকে মাঠে নামান কোচ। সেই বদলির সুফল পায় বাংলাদেশ দ্রুতই। ক্রস থেকে ভুটানের বক্সে যাওয়া বলে হেড করেন শমিত সোম। তার হেডের পর বল ওপরে উঠে গোলমুখের সামনে চলে আসে। সেখানেই সুযোগ বুঝে পা বাড়িয়ে বল জালে পাঠান বদলি খেলোয়াড় ইব্রাহিম। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।


গোল পাওয়ার পর ব্যবধান বাড়ানোর পাশাপাশি লিড ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে আরও দুটি পরিবর্তন আনেন কোচ। কাজেম শাহ ও জায়ান আহমেদের পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়া। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৫ মিনিট যোগ করা হলেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

সম্পর্কিত খবর

;