ফরিদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

প্রকাশ : 18 Oct 2026
ফরিদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শিশু একাডেমিতে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাঁর দর্শন মানুষকে সাম্য, সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। লালনের সাহিত্য ও জীবনাদর্শ ধারণ করে এমন একটি সমাজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে প্রতিটি মানুষ যথাযথ মর্যাদা পাবে।


ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুরের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন এবং বাউলশিল্পী পাগলা বাবলু খান ও নিজাম সাঁই। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজিত কুমার দাস।


বক্তারা আরও বলেন, লালন সাঁইয়ের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণার সুযোগ বাড়ানো জরুরি। ফরিদপুরে একটি লালন গবেষণাগার প্রতিষ্ঠা এবং তাঁর দর্শন ও ঐতিহ্যকে তুলে ধরতে নান্দনিক স্থাপনা নির্মাণের প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।


দেশের ৬৪ জেলায় লালন স্মরণানুষ্ঠান ও উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়ায় বক্তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এ আয়োজনের জন্য ফরিদপুর জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানান তাঁরা। তাঁদের মতে, লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার চর্চা সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এর আগে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাউলশিল্পীরা লালনগীতি পরিবেশন করেন।

সম্পর্কিত খবর

;